লক্ষ্মীপুর পৌর এলাকায় জারি করা ১৪৪ ধারা অমান্য করে মিছিল বের করাকে কেন্দ্র করে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ও ‘জুলাই যোদ্ধা ফোর্স’-এর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্য ও পথচারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
রোববার বিকেলে শহরের চকবাজার এলাকায় এ সংঘর্ষ ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আগের দিনের হাতাহাতির ঘটনার প্রতিবাদে এবং পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৫টার দিকে মিছিলের চেষ্টা করেন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর নেতাকর্মীরা। জেলা শাখার মুখ্য সংগঠক সাইফুল ইসলাম মুরাদের নেতৃত্বে চক মসজিদের সামনে থেকে মিছিল বের করা হয়।
এ সময় পাল্টা কর্মসূচি নিয়ে আসা ‘জুলাই যোদ্ধা ফোর্স’-এর সদস্যরা তাদের ওপর হামলা চালালে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। মুহূর্তেই পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতির অবনতি হলে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান।
সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। এতে দুই পক্ষের মাঝে পড়ে কয়েকজন পুলিশ সদস্যও আহত হন। এছাড়া অন্তত পাঁচজন সাধারণ পথচারী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহেদ পারভেজ জানান, ১৪৪ ধারা বলবৎ থাকা সত্ত্বেও মিছিল বের করায় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পুলিশ পেশাদারিত্বের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেছে এবং শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সন্ধ্যা পর্যন্ত শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে জনসাধারণকে ঘরে থাকার এবং সব ধরনের জমায়েত এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ১৪৪ ধারা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে জেলা প্রশাসন।