বাসা-বাড়িতে সন্ধ্যার পর অকারণে লাইট-ফ্যান ব্যবহার না করার নির্দেশনা দেওয়া হয়েছে— সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন বক্তব্যকে সম্পূর্ণ মিথ্যা, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শনিবার (৪ এপ্রিল) রাতে দলের সহদপ্তর সম্পাদক মো. মুনির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী-এর নামে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বক্তব্যের কোনো ভিত্তি নেই।
সেখানে আরও বলা হয়, “বাসাবাড়িতেও সন্ধ্যার পর অকারণে লাইট, ফ্যান ব্যবহার করা যাবে না এবং তা তদারকিতে থাকবে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা”— এমন দাবি একটি কুচক্রী মহল ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়াচ্ছে, যার সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই।
দলটির পক্ষ থেকে দেশবাসীকে এসব বিভ্রান্তিকর প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে নেতাকর্মীদেরও এ ধরনের অপপ্রচার সম্পর্কে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
বিএনপি বলছে, রাজনৈতিক উদ্দেশ্যে গুজব ছড়িয়ে বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে, তাই সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।