বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব।
মঙ্গলবার (৩১ মার্চ) জেনেভা-তে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর ৩৫৬তম গভর্নিং বডির অধিবেশনের ফাঁকে আয়োজিত এক মন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে এ বিষয়টি উঠে আসে।
বৈঠকে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়নবিষয়ক ভাইস মিনিস্টার তারিক বিন আবদুল আজিজ অংশ নেন।
বৈঠকে সৌদি ভাইস মিনিস্টার বাংলাদেশি কর্মীদের দক্ষতা ও অবদানের প্রশংসা করে আরও বেশি দক্ষ জনশক্তি নিয়োগের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
এ সময় মন্ত্রী আরিফুল হক চৌধুরী সৌদি কর্তৃপক্ষকে বাংলাদেশ থেকে জনশক্তি নিয়োগ বাড়ানোর আহ্বান জানান এবং দেশে অর্জিত দক্ষতার আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার অনুরোধ করেন। তিনি বলেন, এতে সৌদি শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের অন্তর্ভুক্তি আরও সহজ হবে।
বৈঠকে ভাষাগত দক্ষতা ও কারিগরি সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন সৌদি সহযোগিতায় দেশে কারিগরি প্রশিক্ষণকেন্দ্রগুলোর মানোন্নয়নের প্রস্তাব দেন। পাশাপাশি বিদেশগামী কর্মীদের জন্য আরবি ভাষা প্রশিক্ষণ আরও সম্প্রসারণের কথাও তুলে ধরেন তিনি।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন শ্রমসচিব মো. আব্দুর রহমান তারাফদার এবং জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি নাহিদা সোবহান।