যুক্তরাজ্য চলতি সপ্তাহেই হরমুজ প্রণালী সংকট নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করতে যাচ্ছে। দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, এই বৈঠকে প্রায় ৩৫টি দেশ অংশ নেবে।
লন্ডনের ডাউনিং স্ট্রিটে দেওয়া বক্তব্যে তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার গত মাসে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ নৌ চলাচলের আহ্বান জানিয়ে যে যৌথ বিবৃতি দেওয়া হয়েছিল, সেই উদ্যোগে অংশ নেওয়া দেশগুলোকে একত্রিত করবেন।
স্টারমার আরও বলেন, বৈঠকে এমন সব কূটনৈতিক ও রাজনৈতিক পদক্ষেপ নিয়ে আলোচনা করা হবে, যার মাধ্যমে আবারও নিরাপদভাবে জাহাজ চলাচল নিশ্চিত করা যায়, আটকে পড়া জাহাজ ও নাবিকদের নিরাপত্তা দেওয়া যায় এবং গুরুত্বপূর্ণ পণ্যের সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হয়।
এছাড়াও, যুক্তরাজ্য তাদের সামরিক অংশীদারদের সঙ্গে আলাদা আলোচনা করবে—যাতে যুদ্ধ পরিস্থিতি শেষ হওয়ার পর কীভাবে হরমুজ প্রণালীকে আবার নিরাপদ ও চলাচলের উপযোগী করা যায়, সে বিষয়ে সমন্বিত পরিকল্পনা নেওয়া যায়।
উল্লেখ্য, এই যৌথ উদ্যোগে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি এবং নেদারল্যান্ডসসহ বেশ কয়েকটি দেশ যুক্ত রয়েছে, যারা এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।