কুমিল্লা জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) ভোরে দাউদকান্দি ও বুড়িচং উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি এলাকায় অজ্ঞাত একটি গাড়ির চাপায় দুই অটোরিকশা চালক নিহত হন। এ ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন, যাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মো. ইকবাল বাহার মজুমদার জানান, ঘটনাস্থলেই নিহত হন সরকারপুর গ্রামের বারেক (৪২) ও মোস্তফা (৪০)। তারা দুজনেই পেশায় অটোরিকশা চালক ছিলেন।
অন্যদিকে, একই মহাসড়কের নিমসার এলাকায় কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই দুই চালক নিহত হন। এ সময় আরও একজন আহত হন।
ময়নামতি হাইওয়ে পুলিশের ওসি মো. আব্দুল মোমিন জানান, দুর্ঘটনায় নিহত দুইজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ জানায়, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।