বাংলাদেশি নাগরিকদের জন্য মিশর হয়ে তৃতীয় কোনো দেশে ভ্রমণের ক্ষেত্রে ট্রানজিট ভিসা নিয়ে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) ঢাকাস্থ মিশরীয় দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, যেসব বাংলাদেশি পাসপোর্টধারী মিশর হয়ে তৃতীয় কোনো দেশে দীর্ঘ সময়ের ট্রানজিটের পরিকল্পনা করছেন, তাদের যাত্রার আগেই দূতাবাস থেকে ট্রানজিট ভিসা সংগ্রহ করতে হবে। পূর্বানুমতি ছাড়া মিশরকে ট্রানজিট হিসেবে ব্যবহার করতে গেলে ভ্রমণকারীরা বিমানবন্দরে জটিলতায় পড়তে পারেন।
দূতাবাস আরও জানায়, ভ্রমণকারীদের অবশ্যই যাত্রার পূর্বে বৈধ পাসপোর্টে ট্রানজিট ভিসা নিশ্চিত করতে হবে। পাশাপাশি গন্তব্য দেশের বৈধ ভিসা বা রেসিডেন্স পারমিট থাকতে হবে। মিশরকে কেবল ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করতে হবে এবং দেশটিতে প্রবেশের ক্ষেত্রে সংশ্লিষ্ট ইমিগ্রেশন আইন মেনে চলা বাধ্যতামূলক। এ ছাড়া কোনো ভ্রমণকারী প্রবেশ নিষেধাজ্ঞার তালিকায় থাকলে তাকে অনুমতি দেওয়া হবে না।
ভ্রমণকারীদের ভোগান্তি এড়াতে আগেই প্রয়োজনীয় ট্রানজিট ভিসা সংগ্রহের জন্য অনুরোধ জানিয়েছে দূতাবাস। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া জানতে দূতাবাসের কনস্যুলার শাখার সঙ্গে যোগাযোগ করার পরামর্শও দেওয়া হয়েছে।
তবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পূর্বে চালু থাকা নির্দিষ্ট কিছু দেশের (যেমন: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, শেনজেন, কানাডা ইত্যাদি) বৈধ ভিসা বা রেসিডেন্স পারমিটের ভিত্তিতে মিশরে অন-অ্যারাইভাল ট্রানজিট ভিসা পাওয়ার বিধান এখনো বহাল রয়েছে। নতুন এই নির্দেশনা মূলত যাদের দীর্ঘ সময় ট্রানজিট থাকবে এবং অন-অ্যারাইভাল ভিসার শর্ত পূরণ করবেন না, তাদের জন্য প্রযোজ্য হবে।