চরাঞ্চল থেকে প্রসবব্যথা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে চাঁদপুর লঞ্চঘাট-এ এক প্রসূতি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন।
মঙ্গলবার দুপুরে এমভি হাশেমপুর লঞ্চে এ ঘটনা ঘটে। পরে নৌ-পুলিশ ও স্বেচ্ছাসেবীদের সহায়তায় মা ও নবজাতককে দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল-এ ভর্তি করা হয়।
প্রসূতির স্বামী আল-আমিন প্রধানীয়া জানান, মতলব উপজেলার জহিরাবাদ চর উমেদ এলাকা থেকে তারা হাসপাতালে যাচ্ছিলেন। পথেই প্রসবব্যথা শুরু হলে লঞ্চঘাটে পৌঁছানোর আগেই সন্তান জন্ম নেয়।
নৌ-পুলিশ জানায়, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রসূতিকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়। এ সময় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও সহযোগিতায় এগিয়ে আসেন।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান জানান, নবজাতক সুস্থ রয়েছে। তবে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মায়ের শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এদিকে মানবিক উদ্যোগ হিসেবে লঞ্চ মালিকপক্ষ দম্পতিকে তাৎক্ষণিক ৫ হাজার টাকা ও নতুন পোশাক উপহার দিয়েছে। পাশাপাশি নবজাতকের জন্য ওই লঞ্চে আজীবন বিনামূল্যে যাতায়াতের সুযোগ ঘোষণা করা হয়েছে।