দেশে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে স্কুল শিক্ষায় বড় পরিবর্তনের চিন্তাভাবনা করছে সরকার। সপ্তাহে ছয় দিন ক্লাস চালু রেখে এর মধ্যে অন্তত তিন দিন অনলাইনে পাঠদান চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
মঙ্গলবার জ্বালানি পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব মোকাবিলায় সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। বিশেষ করে ইরানকে কেন্দ্র করে আন্তর্জাতিক পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহে চাপ সৃষ্টি হওয়ায় দেশে সাশ্রয়মূলক পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
তিনি জানান, নতুন পরিকল্পনা অনুযায়ী সপ্তাহে পাঁচ দিনের পরিবর্তে ছয় দিন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে, তবে এর মধ্যে অন্তত তিন দিন অনলাইনে ক্লাস নেওয়া হবে। এতে পরিবহন ব্যবহারের পরিমাণ কমবে এবং জ্বালানি সাশ্রয় সম্ভব হবে বলে মনে করছে সরকার।
মন্ত্রী আরও বলেন, বিশেষ করে মহানগর এলাকায় অনলাইন ক্লাস চালুর বিষয়ে প্রায় ৫৫ শতাংশ মানুষ ইতিবাচক মতামত দিয়েছেন।
এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হবে বলে জানিয়েছেন আ ন ম এহসানুল হক মিলন।
উল্লেখ্য, জ্বালানি সাশ্রয় সংক্রান্ত ওই বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।