চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ধানক্ষেতের জমি থেকে ২৫টি গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গাঁজা চাষের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (২৯ মার্চ) রাত আনুমানিক ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন-এর নির্দেশে ওসি (তদন্ত) এমদাদুল হক-এর নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের সাইসাঙ্গা মিজি বাড়ি এলাকায় অভিযান চালায়।
অভিযানে বিল্লাল মিজি (৪২) নামে এক ব্যক্তির ধানক্ষেতের আইল থেকে ২৫টি গাঁজা গাছ উদ্ধার করা হয়। এ সময় তাকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার মুকলুছুর রহমান মিজির ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ধান রোপণের সময় জমির আইলে গাঁজার বীজ বপন করেন বিল্লাল মিজি। পরে গাছ বড় হলে তিনি গোপনে সেগুলোর পরিচর্যা করছিলেন।
এ বিষয়ে থানার ওসি মো. হেলাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা গাছসহ এক চাষিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদকের সঙ্গে কোনো আপস নেই।”