রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্ট এলাকায় অজ্ঞান পার্টির শিকার হয়ে মো. মিজানুর রহমান (৪০) নামে এক কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে বিকেল সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মিজানুরের ভাই মাইনুদ্দিন জানান, নিহত মিজানুর নূরজাহান মার্কেটে কাপড়ের দোকান চালাতেন। সেদিন তিনি সাদ্দাম মার্কেট থেকে বাসে গুলিস্তান যাওয়ার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। পরে বাসের হেলপার তাকে জিরো পয়েন্ট এলাকায় ফেলে যায়। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে ঢামেকে ভর্তি করলেও শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি।
তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার চাটখিল উপজেলায়। বর্তমানে মিজানুর যাত্রাবাড়ীর সাদ্দাম মার্কেট এলাকায় পরিবার নিয়ে থাকতেন। চার সন্তানের জনক ছিলেন তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নিহতের মরদেহ ঢামেকের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।