স্পেনের বার্সেলোনায় শনিবার বর্ণবাদ, ফ্যাসিবাদ এবং উগ্র ডানপন্থার বিরুদ্ধে বড় ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এই বিক্ষোভে স্থানীয় বিভিন্ন সংগঠনের পাশাপাশি বাংলাদেশি অভিবাসীরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তারা “সবার জন্য কাগজ চাই” দাবিতে জোরালোভাবে স্লোগান দেন।
পুলিশের হিসাবে প্রায় ১৫০০ এবং আয়োজকদের মতে প্রায় ৫০০০ মানুষ এই বিক্ষোভে অংশ নেয়। প্রায় ২০০টি সংগঠন এই কর্মসূচিকে সমর্থন করে। বিক্ষোভটি পাসেও দে গ্রাসিয়া এলাকা থেকে শুরু হয়ে ভিয়া লাইয়েতানা হয়ে ইদ্রিসা দিয়ালো স্কয়ারে গিয়ে শেষ হয়।
বাংলাদেশি অংশগ্রহণকারীরা জানান, ইউরোপে বসবাসরত অনেক অভিবাসী এখনো বৈধ কাগজপত্রের অভাবে নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। তাই তারা “পাপেলেস পাড়া তোদোস” অর্থাৎ “সবার জন্য কাগজ” দাবিকে সামনে এনে সমান অধিকার ও বৈধতার দাবি জানান।
বিক্ষোভে অংশগ্রহণকারীরা “বর্ণবাদ বন্ধ করো”, “ফ্যাসিস্টদের জায়গা নেই”, এবং “সবার জন্য অধিকার” ইত্যাদি স্লোগান দেন। অনেকেই অভিবাসীদের মানবাধিকার রক্ষা ও সামাজিক ন্যায়বিচারের দাবি তোলেন।
আয়োজকরা বলেন, ইউরোপে উগ্র ডানপন্থার উত্থান এবং কঠোর অভিবাসন নীতির কারণে অভিবাসীরা ক্রমেই চাপে পড়ছেন। তাই এই ধরনের আন্দোলনের মাধ্যমে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
একই সময়ে বিশ্বের প্রায় ১৫০টি শহরে একই ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে, যেখানে অভিবাসীদের অধিকার, বর্ণবাদবিরোধী অবস্থান এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়।