তীব্র তাপপ্রবাহের কারণে স্বাস্থ্যঝুঁকি কমাতে জনগণকে বাইরে কম সময় কাটানো এবং শারীরিক পরিশ্রম কমানোর পরামর্শ দিয়েছে মিনিস্ট্রি অব হেলথ মালয়েশিয়া (এম-ও-এইচ)।
শনিবার এক বিবৃতিতে মন্ত্রণালয় ছয়টি প্রধান নির্দেশনা তুলে ধরে। এর মধ্যে অন্যতম হলো শরীরকে পর্যাপ্তভাবে পানিশূন্যতা থেকে রক্ষা করতে নিয়মিত পানি পান করা, তা শারীরিক কার্যক্রম যাই হোক না কেন।
জনগণকে আরও সতর্ক করে বলা হয়েছে, পার্ক করা গাড়ির ভেতরে বসে থাকা যাবে না এবং কোনো অবস্থাতেই শিশুদের একা গাড়ির ভেতরে রেখে যাওয়া যাবে না। এতে প্রাণঘাতী হিটস্ট্রোক বা গুরুতর স্বাস্থ্য জটিলতা দেখা দিতে পারে। শরীর ঠান্ডা রাখতে উচ্চ তাপমাত্রার সময়ে ফ্যান বা এয়ার কন্ডিশনার ব্যবহারের পরামর্শও দেওয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়, সরাসরি রোদ থেকে সুরক্ষার জন্য হালকা, ঢিলেঢালা ও হালকা রঙের পোশাক পরা উচিত। পাশাপাশি টুপি বা ছাতা ব্যবহার করতেও উৎসাহিত করা হয়েছে।
মন্ত্রণালয় জানায়, এসব নির্দেশনা তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্্র, ফেসবুক, ইন্সট্রাগ্রাম ও টিকটক-এ এক মিনিট ও তিন মিনিটের ভিডিও আকারে প্রকাশ করা হয়েছে।
মন্ত্রণালয়ের মতে, তাপপ্রবাহ বলতে স্বাভাবিক দৈনিক সর্বোচ্চ তাপমাত্রার তুলনায় অস্বাভাবিকভাবে বেশি তাপমাত্রার একটি সময়কালকে বোঝায়। মালয়েশিয়ায় এটি বিশেষভাবে সংজ্ঞায়িত করা হয়েছে টানা তিন দিন দৈনিক সর্বোচ্চ তাপমাত্রা ৩৭° সেলসিয়াসের বেশি হলে।
এছাড়া, জনগণকে কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলা এবং মালয়েশিয়ান মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট (মেটমালয়েশিয়া) এর সর্বশেষ আবহাওয়ার আপডেট অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।
শনিবার বিকেল ৫টা পর্যন্ত মালয়েশিয়া-এর তথ্য অনুযায়ী, কেদাহর আলোর সেতার-এ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬° সেলসিয়াস। এরপর পারলিসের কাংগার (৩৫°), পেরাকের ইপোহ (৩৪°) এবং জোহরের সেনাই (৩২°) তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।