রিয়াদ: সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। ২৬ মার্চ সকালে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন।
পতাকা উত্তোলন শেষে রাষ্ট্রদূত দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে নিয়ে অস্থায়ী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর রিয়াদে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।
দিবসটি উপলক্ষে দূতাবাসের মিলনায়তনে আয়োজিত আলোচনা সভার শুরুতেই মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রদত্ত বাণী পাঠ করা হয়। সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন কমিউনিটি সদস্য জনাব মামুনুর রশিদ ও ডা. গোলাম হাসনাইন সোহান।
সমাপনী বক্তব্যে রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন স্বাধীনতার জন্য আত্মদানকারী সকল শহীদ, সম্ভ্রম হারানো মা-বোন এবং বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। মুক্তিযুদ্ধে বিশ্বজনমত গঠনে প্রবাসীদের ঐতিহাসিক ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, “প্রবাসীরা দেশের অর্থনীতির প্রাণশক্তি। আপনাদের দক্ষতা ও সততা বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করে।
রাষ্ট্রদূত প্রবাসীদের নিজ নিজ কর্মক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে দেশের উন্নয়নে শরিক হওয়ার আহ্বান জানান। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে সৌদি প্রবাসীদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো স্পর্শকাতর তথ্য শেয়ার করা থেকে বিরত থাকতে হবে।
অনুষ্ঠান শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।