সারাদেশে ‘মামলা বাণিজ্য’ ছড়িয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া-২ আসন-এর সংসদ সদস্য ও বিএনপির সাবেক নেত্রী।
সোমবার (২৩ মার্চ) বিজয়নগর উপজেলা-র ইসলামপুরে এক সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, “মামলা বাণিজ্যের বিষয়টি নিয়ে শুরু থেকেই কেউ কথা বলেনি, আমিই প্রথম বলেছিলাম। একেকটি মামলার এফআইআরে শত শত মানুষকে আসামি করা হয়। মিথ্যা মামলা দিতে টাকা নেওয়া হয়, আবার নাম কাটাতেও টাকা নেওয়া হয়।”
তিনি আরও বলেন, “যারা অপরাধী, যারা ফৌজদারি অপরাধ করেছেন, অবশ্যই তাদের বিরুদ্ধে মামলা হবে। কিন্তু যারা কোনো অপরাধ করেননি, তাদের নাম অন্তর্ভুক্ত করা উচিত নয়। এই এলাকায় আমি মামলা বাণিজ্য চলতে দেব না।”
পুলিশের উদ্দেশে তিনি বলেন, “মিথ্যা মামলা এলে দয়া করে তা যাচাই-বাছাই করে নেবেন।”
এ সময় তিনি ‘শো-অ্যারেস্ট’ প্রসঙ্গ তুলে বলেন, “একটি মামলা থেকে জামিন পাওয়ার পর জেল গেট থেকে বের হওয়ার সময় আবার নতুন মামলা দেওয়া হয়। এসবের পরিণতি ভালো হবে না। আমাদের কোথাও না কোথাও থামতে হবে।”
রুমিন ফারহানা বলেন, “আমরা যদি পাঁচ বছর ক্ষমতায় থেকে প্রতিশোধ নেই, পরে অন্যরা এসে আমাদের বিরুদ্ধে প্রতিশোধ নেবে—এভাবে চলতে পারে না। এখন সময় এসেছে নতুনভাবে চিন্তা করার।”
তিনি আরও বলেন, অপরাধীদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে, তবে নিরপরাধ কাউকে যেন বিনা কারণে শাস্তি পেতে না হয়, তা নিশ্চিত করতে হবে।