মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দেশের অর্থনীতি ও কৃষিসহ বিভিন্ন খাতে চাপ বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সামনে সময় সহজ হবে না, বরং তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরও বাড়তে পারে।
সোমবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নে নেহা নদী পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, বৈশ্বিক পরিস্থিতির প্রভাব ইতোমধ্যেই পড়তে শুরু করেছে এবং তা মোকাবিলায় সবাইকে প্রস্তুত থাকতে হবে।
মন্ত্রী বলেন, আন্তর্জাতিক সংঘাতের কারণে জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে, যার প্রভাব দেশের বাজারেও পড়তে পারে। তবে এই পরিস্থিতিতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা আইনবহির্ভূত কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না বলেও সতর্ক করেন তিনি।
তিনি আরও বলেন, ধর্মকে ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টি করা উচিত নয়। দেশের মানুষ ধর্মপ্রাণ হলেও ধর্ম নিয়ে অপব্যবহারকে তারা সমর্থন করে না। সৎভাবে কাজ ও দায়িত্বশীল আচরণের মাধ্যমেই সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।
কৃষি খাতের প্রসঙ্গ তুলে তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের ক্ষতি হচ্ছে, যা কৃষকদের জন্য বড় চ্যালেঞ্জ। সরকার কৃষকদের সহায়তায় বিভিন্ন উদ্যোগ নিয়েছে, যার মধ্যে ঋণ সুবিধা, কার্ড বিতরণ এবং খাল খনন প্রকল্প রয়েছে। এসব কার্যক্রম বাস্তবায়নে কোনো ধরনের অনিয়ম না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।