ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পর্তুগালে বসবাসরত মুসলিম প্রবাসী বাংলাদেশীরা পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন। এক মাসব্যাপী সিয়াম সাধনার পর এই দিনটি তাদের জন্য আনন্দ, সম্প্রীতি ও কৃতজ্ঞতার বার্তা নিয়ে আসে।
আবহাওয়া পরিস্থিতি খারাপ থাকার কারণে এ বছর বেশিরভাগ অঞ্চলে খোলা আকাশে ঈদের নামাজ আদায় করার সুযোগ পায়নি পর্তুগালে বসবাসরত ধর্মপ্রাণ মুসল্লীগণ।
রাজধানী লিসবনসহ পোর্তো, ফারো, ভিলানোভা দা মিলফন্টেস, ব্রাগা, ভিজু , আলগারভ, ফারু এবং অন্যান্য শহরের বিভিন্ন মসজিদ ও ইসলামিক সেন্টারে সকালে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। অনেকেই পরিবার-পরিজন থেকে দূরে থাকলেও প্রবাসী কমিউনিটির মধ্যে পারস্পরিক বন্ধন এই দিনে আরও দৃঢ় হয়ে ওঠে।

বাংলাদেশি, পাকিস্তানি, ভারতীয়, মধ্যপ্রাচ্য,আফ্রিকান, ইউরোপীয় এবং স্থানীয় পর্তুগিজ মুসলিমসহ বিভিন্ন দেশের প্রবাসীরা ঐতিহ্যবাহী খাবার রান্না ও সাংস্কৃতিক কার্যক্রমের মত আর মাধ্যমে দিনটি উদযাপন করেন। দেশীয় এবং স্থানীয় ঐতিহ্য অনুযায়ী বিশেষ করে সেমাই, বিরিয়ানি ও বিভিন্ন মিষ্টান্ন পরিবেশনের মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করা হয়।
প্রবাসীদের কেউ কেউ জানান, দেশের বাইরে ঈদ উদযাপন করলেও একসঙ্গে নামাজ আদায় ও মিলনমেলার মাধ্যমে তারা দেশের আবহ অনুভব করার চেষ্টা করেন।
স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সংস্থার সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে ঈদের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। ধর্মীয় সহনশীলতা ও বহুসাংস্কৃতিক সহাবস্থানের দৃষ্টান্ত হিসেবে পর্তুগালে ঈদ উদযাপন প্রবাসীদের মধ্যে এক অনন্য সম্প্রীতির বার্তা বহন করে।