সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী মোশাররফের মরদেহ দেশে
সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী মোশাররফ হোসেনের মরদেহ অবশেষে দেশে পৌঁছেছে। শুক্রবার সকাল আনুমানিক ১০টা ৫০ মিনিটে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়।
বিমানবন্দরে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর উপস্থিতিতে পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
নিহত মোশাররফ হোসেনের বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলার কীর্ত্তনখোলা গ্রামে। তিনি মো. সুরজত আলীর ছেলে।
গত ৮ মার্চ সৌদি আরবের আল-খারিজ শহরের নিকটবর্তী আল-তোয়াইক এলাকার একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় তার মৃত্যু হয়। এই ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।