পাকিস্তানের করাচিতে প্রবল বৃষ্টি ও বজ্রঝড়ের মধ্যে ঘটে যাওয়া একাধিক দুর্ঘটনায় অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একটি জরাজীর্ণ ভবন ধসে ১৩ জন প্রাণ হারিয়েছেন।
বুধবার (১৮ মার্চ) রাতে শহরের বিভিন্ন এলাকায় এ দুর্ঘটনাগুলো ঘটে বলে জানিয়েছেন স্থানীয় উদ্ধারকারী কর্মকর্তারা।
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, করাচির বালদিয়া টাউনের সাজ্জান গোঠ এলাকায় একটি ভবনের দেয়াল ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই ১৩ জন নিহত হন এবং আরও কয়েকজন আহত হন। আহতদের করাচি সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকা থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, ফলে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৃষ্টির হাত থেকে বাঁচতে কয়েকজন ওই জরাজীর্ণ ভবনে আশ্রয় নিয়েছিলেন, যা পরে ধসে পড়ে। নিহতদের মধ্যে বেশিরভাগই আশ্রয় নেওয়া ব্যক্তিরা ছিলেন।
এদিকে, শহরের বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়া ও দেয়াল ধসের ঘটনাও ঘটেছে। কোরঙ্গী এলাকায় গাছ পড়ে একজন নিহত হয়েছেন। ক্লিফটন এলাকায় গাছ উপড়ে পড়ে এক নারী মারা গেছেন এবং দুজন আহত হয়েছেন।
এছাড়া লান্ধির মজিদ কলোনিতে দেয়াল ধসে এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। অন্যদিকে বজ্রপাতে আরও একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
ঘটনায় শোক প্রকাশ করেছেন সিন্ধুর মুখ্যমন্ত্রী সৈয়দ মুরাদ আলী শাহ। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী জিয়া লাঞ্জার এবং করাচির মেয়র মুর্তজা ওয়াহাব ঘটনাস্থল পরিদর্শন করে উদ্ধার তৎপরতা জোরদারের নির্দেশ দেন।
উদ্ধারকারী সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, বৃষ্টিজনিত এসব ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন।