তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, ইসরায়েলের কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যকে ধীরে ধীরে একটি ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। তিনি সতর্ক করে বলেন, এই সংঘাত পুরো অঞ্চলে বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে।
আঙ্কারায় প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে সাংবাদিক ও লেখকদের সঙ্গে ইফতার অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এরদোয়ান বলেন, ইসরায়েল শুধু গাজায় নয়, ইয়েমেন, লেবানন এবং ইরানেও হামলা চালাচ্ছে।
তিনি বলেন, ইসরায়েল এমন একটি শক্তিতে পরিণত হয়েছে, যারা নিজেদের অন্যদের চেয়ে শ্রেষ্ঠ মনে করে এবং ধীরে ধীরে পুরো অঞ্চলকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে।
এরদোয়ান আরও বলেন, এসব হামলা কেবল নিরাপত্তা ইস্যু নয়। গাজা, ইয়েমেন, লেবানন এবং সর্বশেষ ইরানকে লক্ষ্য করে চালানো হামলার পেছনে অন্য উদ্দেশ্যও রয়েছে।
তিনি অভিযোগ করেন, ইসরায়েল কোনো বৈধ কর্তৃত্ব ছাড়াই টানা ১৭ দিন ধরে মুসল্লিদের জন্য আল-আকসা মসজিদ বন্ধ করে রেখেছে।
তুরস্কের প্রেসিডেন্ট বলেন, এই যুদ্ধের কারণে অসংখ্য সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছেন এবং শতাব্দীর পর শতাব্দী ধরে বসবাস করা নিজেদের ভূমি ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছেন।
এরদোয়ান বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে বৈশ্বিক ব্যবস্থা গড়ে উঠেছিল, তা এখন একটি গুরুত্বপূর্ণ মোড়ে এসে দাঁড়িয়েছে। তাই বর্তমান পরিস্থিতির বাস্তবতা বিশ্ববাসীর সামনে তুলে ধরা জরুরি।
তিনি বলেন, চলমান হামলার পাশাপাশি “প্রতিশ্রুত ভূমি” বা “প্রলয়ের ভবিষ্যদ্বাণী” নিয়ে নানা বর্ণনা ছড়ানো হচ্ছে, যা মোটেও কাকতালীয় নয়।
বিশ্বজুড়ে যুদ্ধের প্রকৃত চিত্র তুলে ধরতে আন্তর্জাতিক গণমাধ্যমের ভূমিকা বাড়ানোর আহ্বান জানিয়ে এরদোয়ান বলেন, আরোপিত এজেন্ডা থেকে বের হয়ে এই বাস্তবতা, নৃশংসতা এবং উন্মত্ততার চিত্র পুরো বিশ্বের সামনে তুলে ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ।