পবিত্র শাওয়াল মাসের চাঁদ আজ কোথাও দেখা যায়নি বলে জানিয়েছে সৌদি আরব কর্তৃপক্ষ। বুধবার সন্ধ্যায় দেশের বিভিন্ন স্থানে চাঁদ দেখার জন্য পর্যবেক্ষণ করা হলেও কোথাও শাওয়ালের চাঁদের দেখা মেলেনি। এর ফলে দেশটিতে পবিত্র রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চাঁদ দেখা কমিটির পর্যবেক্ষণের পর রমজান মাস পূর্ণ ৩০ দিন পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ অনুযায়ী, বৃহস্পতিবার দেশটিতে রমজানের শেষ দিন পালিত হবে এবং পরদিন শুক্রবার সারা দেশে ঈদুল ফিতর উদযাপন করা হবে।
এদিকে সৌদি আরবে ঈদের তারিখ ঘোষণার পর অন্যান্য মুসলিম দেশেও ঈদের সম্ভাব্য সময় নিয়ে আলোচনা শুরু হয়েছে। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব ও চাঁদ দেখার সম্ভাবনা অনুযায়ী বাংলাদেশে শুক্রবার শাওয়াল মাসের চাঁদ দেখা যেতে পারে। সে ক্ষেত্রে দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে শনিবার।
বাংলাদেশে চাঁদ দেখা সাপেক্ষে ঈদের তারিখ নির্ধারণ করে জাতীয় চাঁদ দেখা কমিটি। শুক্রবার সন্ধ্যায় দেশের বিভিন্ন স্থানে চাঁদ দেখা গেলে শনিবার দেশে ঈদ উদযাপিত হবে। তবে চাঁদ দেখা কমিটির বৈঠকের পরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
এর আগে পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে তুরস্ক ও সিঙ্গাপুর। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দুই দেশে ভিন্ন দিনে ঈদ উদযাপন করা হবে।
তুরস্কে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব-নিকাশের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়ে জানানো হয়েছে, বৃহস্পতিবার শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সে অনুযায়ী দেশটিতে আগামী শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হবে।
অন্যদিকে সিঙ্গাপুর কর্তৃপক্ষ জানিয়েছে, জ্যোতির্বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী বৃহস্পতিবার তাদের আকাশে শাওয়াল মাসের চাঁদ দৃশ্যমান হওয়ার সম্ভাবনা নেই। তাই দেশটিতে শনিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে।
তথ্যসূত্র: গালফ নিউ ।