সৌদি আরবের আল খারিজ শহরে মিসাইল হামলায় আহত হয়ে অবশেষে মারা গেছেন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার এক প্রবাসী যুবক। নিহতের নাম আব্দুল্লাহ আল মামুন (৩৫)। তিনি উপজেলার রসুলপুর ইউনিয়নের ভরভরা গ্রামের শহীদ সওদাগরের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, গত ৮ মার্চ ইফতারের ঠিক আগে আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই বিস্ফোরণে মামুন গুরুতর আহত হন। পরে তাকে আল খারিজ শহরের ডাক্তার সোলাইমান আল হাবিব হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কয়েকদিন ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন।
মঙ্গলবার (১৭ মার্চ) সৌদি সময় রাত সাড়ে ১১টার দিকে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহতের বাবা শহীদ সওদাগর বুধবার সকালে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। পরিবারের সদস্যরা দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।
মামুনের মামাতো ভাই শাওন মড়ল জানান, মিসাইল বিস্ফোরণে গুরুতর দগ্ধ হয়ে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শরীরের প্রায় ৭২ শতাংশ পুড়ে গিয়েছিল। শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মামুন এক ছেলে সন্তানের জনক।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।
উল্লেখ্য, একই হামলায় কিশোরগঞ্জের বাচ্চু মিয়া ও টাঙ্গাইলের মোশাররফ হোসেন নামে আরও দুই বাংলাদেশি নিহত হন। এছাড়া মামুনসহ কয়েকজন প্রবাসী বাংলাদেশি গুরুতর আহত হয়েছিলেন।