ইরানে চলমান যুদ্ধের বিরোধিতা জানিয়ে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টারের পরিচালক জো কেন্ট পদত্যাগ করেছেন। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি নিজের এই সিদ্ধান্তের কথা জানান।
বিবৃতিতে কেন্ট বলেন, বিবেকের তাড়নায় তিনি ইরানের বিরুদ্ধে এই যুদ্ধকে সমর্থন করতে পারছেন না। তার দাবি, ইরান যুক্তরাষ্ট্রের জন্য কোনো তাৎক্ষণিক হুমকি ছিল না। তিনি আরও অভিযোগ করেন, ইসরাইল এবং যুক্তরাষ্ট্রে তাদের প্রভাবশালী লবির চাপের কারণেই এই সংঘাত শুরু হয়েছে।
ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টার যুক্তরাষ্ট্র সরকারের সন্ত্রাসবাদসংক্রান্ত গোয়েন্দা কার্যক্রম তদারকি করে এবং পরিচিত ও সন্দেহভাজন সন্ত্রাসীদের একটি ডাটাবেজ সংরক্ষণ করে। জো কেন্ট জাতীয় গোয়েন্দা পরিচালকের অধীনে দায়িত্ব পালন করতেন এবং তিনি তুলসি গ্যাবার্ডের ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগী হিসেবে পরিচিত।
ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গ্যাবার্ড তুলনামূলকভাবে নীরব রয়েছেন। যদিও অতীতে তিনি বিদেশে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের সমালোচনা করেছিলেন।
সামাজিক মাধ্যমে প্রকাশিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে লেখা এক চিঠিতে কেন্ট জানান, ট্রাম্পের প্রথম মেয়াদের নীতিমালার প্রতি তার সমর্থন ছিল। তবে তার অভিযোগ, ইসরাইলের প্রভাবে ট্রাম্প ভুল পথে পরিচালিত হয়েছেন। তিনি বলেন, এমন একটি যুদ্ধে নতুন প্রজন্মের আমেরিকানদের পাঠানো উচিত নয়, যা যুক্তরাষ্ট্রের জনগণের জন্য কোনো বাস্তব উপকার বয়ে আনবে না।
জো কেন্ট যুক্তরাষ্ট্রের আর্মি স্পেশাল ফোর্সে প্রায় ২০ বছর দায়িত্ব পালন করেছেন এবং এ সময় তিনি ১১টি যুদ্ধ মিশনে অংশ নেন। পরে তিনি সিআইএতেও কাজ করেন। ২০১৯ সালে সিরিয়ায় এক সন্ত্রাসী হামলায় তার স্ত্রী শ্যানন কেন্ট নিহত হন।
অন্যদিকে ট্রাম্প ও তার সমর্থকরা অতীতে অভিযোগ করে আসছেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর একটি অংশ প্রেসিডেন্টকে দুর্বল করার চেষ্টা করেছে। এ কারণেই তারা এসব সংস্থায় বড় ধরনের সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন।