শেষ হতে চলেছে পবিত্র রমজান মাস। এ সময়ে মুসলিম সমাজে শুরু হয়েছে ঈদুল ফিতরের জন্য অপেক্ষার ক্ষণগণনা। জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাস অনুযায়ী, মধ্যপ্রাচ্য ও আরব বিশ্বের দেশগুলোতে ২০ মার্চ শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।
বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর ঈদ উদযাপন হয়। সেই হিসেবে সম্ভাবনা বেশি, ২১ মার্চ শনিবার বাংলাদেশে ঈদ হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত মিলবে ১৯ মার্চ বৃহস্পতিবার, যখন বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।
আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, এ বছর রমজান মাস ৩০ দিন পূর্ণ করবে এবং শাওয়াল মাসের প্রথম দিন ২০ মার্চ হতে পারে। তিনি আরও জানান, ২৯তম রমজানের দিন (১৮ মার্চ) আরব দেশগুলোর আকাশে কোনো অর্ধচন্দ্র দেখা যাবে না। ফলে ২০ মার্চ শুক্রবার সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতারসহ বেশিরভাগ অঞ্চলে ঈদ উদযাপনের সম্ভাবনা বেশি।
শারজাহ অ্যাকাডেমি ফর অ্যাস্ট্রোনমি, স্পেস সাইন্স অ্যান্ড টেকনোলজির পর্যবেক্ষণ কেন্দ্রের হিসাব অনুযায়ী হিজরি ১৪৪৭ সনের রমজান ৩০ দিন পূর্ণ করবে। ১৯ মার্চ ভোরে নতুন চাঁদের জ্যোতির্বৈজ্ঞানিক সংযোগ ঘটবে, তবে খালি চোখে চাঁদ দেখা কঠিন হবে। এই পরিস্থিতি অনুযায়ী, ২০ মার্চ মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশে শাওয়াল মাস শুরু এবং ঈদ উদযাপনের সম্ভাবনা বেশি, আর বাংলাদেশে এটি পরের দিন, ২১ মার্চ অনুষ্ঠিত হবে।