ব্রাজিল জাতীয় দলের প্রাথমিক স্কোয়াড থেকে বাদ পড়েছেন তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ঘোষিত ২৬ সদস্যের দলে রাখা হয়নি তাকে। বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি।
সংবাদ সম্মেলনে আনচেলত্তি জানান, ফিটনেসজনিত সমস্যার কারণেই চূড়ান্ত দলে জায়গা হয়নি নেইমারের। তিনি বলেন, “এই মুহূর্তে নেইমার শতভাগ ফিট নয়। আমাদের এমন খেলোয়াড় দরকার, যারা পুরোপুরি প্রস্তুত।”
সর্বশেষ ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে গুরুতর হাঁটুর চোটে পড়েন নেইমার। এরপর দীর্ঘ ১৭ মাস জাতীয় দলের বাইরে রয়েছেন তিনি। মাঝেমধ্যে ক্লাবের হয়ে মাঠে ফিরলেও বারবার নতুন ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন।
আনচেলত্তি আরও বলেন, নেইমারকে নিয়মিত খেলতে হবে এবং কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে। নিজের ফিটনেস প্রমাণ করতে পারলেই জাতীয় দলে ফেরার সুযোগ তৈরি হবে।
বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে আগামী ২৬ মার্চ যুক্তরাষ্ট্রের বোস্টনে ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এরপর ৩০ মার্চ অরল্যান্ডোতে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে দলটি। তবে এই দুই ম্যাচে নেইমার না থাকলেও আক্রমণভাগে শক্তির ঘাটতি নেই।
স্কোয়াডে রয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র, এনড্রিক, গ্যাব্রিয়েল মার্টিনেলি, জোয়াও পেদ্রো এবং ইগর থিয়াগো। নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন আন্দ্রে সান্তোস ও গ্যাব্রিয়েল সারা।
আগামী ১৮ মে বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন কোচ আনচেলত্তি।