বলিউড তারকা মালাইকা অরোরা-কে ঘিরে আবারও নতুন প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। সম্প্রতি অভিনেতা ও মডেল সোরাব বেদি-র সঙ্গে তার কিছু ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে এই আলোচনা শুরু হয়। এরপর থেকেই অনেকেই ধারণা করতে থাকেন, নতুন সম্পর্কে জড়িয়েছেন এই বলিউড তারকা।
তবে এ গুঞ্জন উড়িয়ে দিয়েছেন সোরাব বেদি। তিনি স্পষ্ট করে বলেছেন, “উই আর জাস্ট ফ্রেন্ড”, অর্থাৎ মালাইকা কেবলই তার বন্ধু।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সোরাব বেদি জানান, একটি পার্টিতে প্রথম মালাইকা অরোরা-র সঙ্গে তার পরিচয় হয়। সেখান থেকেই তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে।
তিনি বলেন, “আমার মেন্টরদের মাধ্যমে মালাইকার সঙ্গে পরিচয় হয়েছিল। এরপর আমরা বন্ধু হয়ে যাই। আমাদের মধ্যে এর বেশি কিছু নেই।”
এর আগে বলিউড অভিনেতা অর্জুন কাপুর-এর সঙ্গে সম্পর্ক ভাঙার পর মালাইকা অরোরার ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক মাধ্যমে নানা আলোচনা শুরু হয়। ভক্তদের আগ্রহও বেড়ে যায়—বর্তমানে তিনি কার সঙ্গে সময় কাটাচ্ছেন তা নিয়ে।
২০২৪ সালেও মালাইকার নাম জড়িয়েছিল ফ্যাশন স্টাইলিস্ট রাহুল বিজয়-এর সঙ্গে। একটি কনসার্টে তাদের একসঙ্গে দেখা যাওয়ার পর সে সময়ও সামাজিক মাধ্যমে সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল।