পবিত্র শবে কদর, ঈদুল ফিতর এবং বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে টানা ১১ দিন আমদানি-রপ্তানিসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে।
বুড়িমারী কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশন-এর সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৭ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত বন্দরের সব বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। পরে ২৮ মার্চ থেকে আবারও স্বাভাবিকভাবে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, এ সিদ্ধান্তের বিষয়ে উভয় দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করা হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদের স্বাক্ষরিত চিঠি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ভারতের চ্যাংড়াবান্ধা কাস্টমস, বিএসএফ, ভুটানের শুল্ক কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট প্রশাসন ও পরিবহন সংগঠনগুলোকে পাঠানো হয়েছে।
অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন জানান, ধর্মীয় উৎসব ও জাতীয় দিবস উপলক্ষে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে ১১ দিনের জন্য বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত সময় শেষে ২৮ মার্চ থেকে বন্দরের কার্যক্রম আবার চালু হবে।
তবে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের মানুষের যাতায়াত স্বাভাবিক থাকবে। এ বিষয়ে বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের উপপরিদর্শক (এসআই) সাইফুর রহমান জানান, বৈধ পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের পারাপার আগের মতোই চালু থাকবে।
অন্যদিকে বন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান বলেন, ব্যবসায়ীরা কার্যক্রম বন্ধ রাখলে বন্দরের বাণিজ্যিক কার্যক্রমও স্বাভাবিকভাবেই বন্ধ থাকে। তবে ছুটির সময়েও সীমিত পরিসরে কাস্টমসের দাপ্তরিক কার্যক্রম চলবে বলে জানিয়েছেন বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের উপকমিশনার মুহাম্মদ মহি উদ্দিন।