ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশে ৪৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে ১০৫ এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬,৩৭৮ জন।
রোববার (১৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (১৬ আগস্ট) সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৮৩ জন, চট্টগ্রামে ৬০ জন, ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় ৬০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৭ জন, খুলনায় ৪৭ জন, ময়মনসিংহে ৪ জন, রাজশাহীতে ৬৬ জন, রংপুরে ৫ জন এবং সিলেটে ৬ জন রয়েছেন।
আগস্টে এখন পর্যন্ত ৫,৩৯৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মারা গেছেন ২২ জন।
বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, ডেঙ্গু এখন আর সিজনাল নয়; সারা বছরই রোগীর সংখ্যা দেখা যাচ্ছে। বৃষ্টি শুরু হলে এটি আরও বৃদ্ধি পায়। ডেঙ্গু প্রতিরোধে মশানিরোধক ওষুধ ব্যবহারের পাশাপাশি সচেতনতা বৃদ্ধি এবং সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রচারণা চালানো জরুরি।
কীটতত্ত্ববিদরা বলছেন, জেল-জরিমানা বা জনসচেতনতা বাড়ানো একা যথেষ্ট নয়। সঠিক জরিপ ও দক্ষ জনবল নিয়োগের মাধ্যমে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
উল্লেখ্য, ২০২৩ সালে দেশে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩,২১,১৭৯ জন আক্রান্ত এবং ১,৭০৫ জনের মৃত্যু হয়েছিল।