ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা এলাকায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে এক ষাটোর্ধ্ব নারী তার কথিত প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার ঘারুয়া ইউনিয়ন-এর ঘারুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ওই নারীর নাম নার্গিস বেগম (৬০)। তিনি চার সন্তানের জননী। অন্যদিকে তার সঙ্গে সম্পর্কের অভিযোগ ওঠা ব্যক্তি আবু বক্কার (৪৫) পাঁচ সন্তানের জনক।
স্থানীয়দের দাবি, নার্গিস বেগম ও আবু বক্কারের মধ্যে দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এর আগে দুবার তাকে নিয়ে সাভার এলাকায় পালিয়ে যান আবু বক্কার। পরে তার প্রথম স্ত্রী তাদের সেখান থেকে ফিরিয়ে আনেন।
নার্গিস বেগমের দাবি, আবু বক্কার তাকে বিয়ে করেছেন এবং তার ডাকে সাড়া দিয়েই তিনি তার বাড়িতে এসেছেন। তিনি বলেন, আগের সংসার ছেড়ে এসেছেন এবং এখন আবু বক্কারের ঘরেই থাকতে চান।
তবে আবু বক্কারের স্ত্রী নুপুর বেগম জানান, বর্তমানে তার স্বামী জেলে রয়েছেন। তিনি বলেন, স্বামী যদি ফিরে এসে ওই নারীকে ঘরে তোলেন তাহলে তার আপত্তি নেই। তবে স্বামীর অনুপস্থিতিতে তিনি তাকে বাড়িতে থাকতে দিতে পারবেন না।
ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর পুরো গ্রামে কৌতূহল ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা চলছে।