চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চলমান চুক্তি প্রক্রিয়াকে বৈধ বলে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। ফলে এনসিটি পরিচালনার জন্য বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সম্পাদনে আর কোনো আইনগত বাধা থাকছে না।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দায়ের করা লিভ টু আপিল আবেদন খারিজ করে বৃহস্পতিবার (১২ মার্চ) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।
এর আগে গত ২৯ জানুয়ারি নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার বিষয়ে বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চুক্তি প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের ওপর জারি করা রুল খারিজ করে দেন হাইকোর্ট।
এরও আগে গত বছরের ৪ ডিসেম্বর এ বিষয়ে হাইকোর্টের বেঞ্চে দ্বিমতপূর্ণ রায় দেখা দেয়। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ফাতেমা নজীব চুক্তি প্রক্রিয়াকে অবৈধ ঘোষণা করেন। অন্যদিকে বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি ফাতেমা আনোয়ার রিট আবেদন খারিজ করে চুক্তি প্রক্রিয়াকে বৈধ বলে মত দেন।
পরবর্তীতে বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তির জন্য মামলাটি প্রধান বিচারপতি মো. জাফর আহমেদের একক বেঞ্চে পাঠানো হয়।