ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় শুরু হচ্ছে। শুরুতে সংসদের সভাপতির পদ শূন্য রেখেই অধিবেশন পরিচালিত হবে।
সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সভাপতির নাম প্রস্তাব করা হলে তা অনুমোদনের মাধ্যমে চূড়ান্ত করা হবে। এরপর সংসদ সভাপতির তত্ত্বাবধানে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হবে। সংসদের বিধান অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পড়াবেন।
অধিবেশনের শুরুতেই প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ সাম্প্রতিক আন্দোলন-সংগ্রামে নিহতদের স্মরণে শোক প্রস্তাব উত্থাপন করা হবে। পরে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সংসদে ১৩৩টি অধ্যাদেশ উপস্থাপন করবেন।
সংবিধান অনুযায়ী জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার বিধান রয়েছে। সেই ভাষণের মধ্য দিয়েই আজকের অধিবেশন শেষ হবে। এর পরবর্তী অধিবেশন আগামী ১৫ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
গত ১৭ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর বিএনপি দলীয় চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠন করে।
সংবিধানের বিধান অনুযায়ী নির্বাচনের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যেই সংসদের প্রথম অধিবেশন বসানো বাধ্যতামূলক। এই অধিবেশনেই সাধারণত স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়।
সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকায় সাধারণত ক্ষমতাসীন দলের প্রার্থীই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হয়ে থাকেন। তবে ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দল জামায়াতে ইসলামীর কাছে দেওয়ার প্রস্তাব দিয়েছিল বিএনপি।
এ বিষয়ে জামায়াতে ইসলামী জানিয়েছে, সংসদে জুলাই সনদ নিয়ে আলোচনার পর তারা ডেপুটি স্পিকার পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।