রাজধানীর বাড্ডা এলাকায় নির্মাণাধীন একটি বাড়ির পুরোনো সীমানা দেয়াল ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উত্তর বাড্ডার পূর্বাঞ্চল ১০ নম্বর লেনের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো আয়েশা মনি (১০) ও নুসরাত জাহান মরিয়ম (৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাস্থলের পাশে খেলাধুলা করছিল দুই শিশু। এ সময় হঠাৎ নির্মাণাধীন বাড়ির পুরোনো সীমানা প্রাচীর ভেঙে পড়ে তাদের ওপর। এতে তারা দেয়ালের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়।
পরে আশপাশের লোকজন দ্রুত তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।