ঢাকা থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুরে যাওয়া এক ফ্লাইটের ৯৮ বাংলাদেশিকে বিমানবন্দরে আটকে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। তারা মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি পাননি।
শুক্রবার (১৫ আগস্ট) মালয়েশিয়ার সরকারি বার্তাসংস্থা বার্নামার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস) কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের প্রথম টার্মিনালে রাত ১টা থেকে সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত তল্লাশি চালায়। এ সময় মোট ১৮১ জন যাত্রীর কাগজপত্র যাচাই করা হয়। এর মধ্যে ৯৮ বাংলাদেশি প্রয়োজনীয় ভ্রমণসংক্রান্ত নথি প্রদর্শন করতে না পারায় ‘নো টু ল্যান্ড’ নোটিশ দেওয়া হয়।
একেপিএসের পক্ষ থেকে বলা হয়, আটক ব্যক্তিরা ভোরে ঢাকা থেকে মালয়েশিয়ায় পৌঁছান। ধারণা করা হচ্ছে, দিনের কঠোর তল্লাশি এড়াতেই তারা ভোরের ফ্লাইটে এসেছিলেন।
সংস্থাটি আরও জানায়, পর্যটক ভিসায় প্রবেশ করলেও আটক বাংলাদেশিদের উদ্দেশ্য ছিল অবৈধভাবে কাজ ও বসবাস করা। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।