কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বাড়ির পাশের একটি পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত দুই শিশু হলো মো. আয়মান (৭) ও আল জাহিম (৫)। তারা সম্পর্কে সহোদর ভাই। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে উপজেলার বলাকিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুর দুইটার পর থেকে দুই শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা আশপাশের এলাকায় অনেক খোঁজাখুঁজি করেন। পরে বাড়ির পাশে নতুন খনন করা একটি পুকুরে তাদের দেহ ভাসতে দেখা যায়।
দ্রুত তাদের উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তানভীর আহমেদ জানান, হাসপাতালে নেওয়ার আগেই শিশু দুটির মৃত্যু হয়েছিল।
নিহত শিশুদের চাচা আরিফুল ইসলাম বলেন, তাদের বাবা সৌদি আরবে থাকেন। পরিবারের দুই সন্তানই পানিতে ডুবে মারা গেছে। এই শোকের ভার পরিবার কীভাবে সামলাবে তা ভাবতেই কষ্ট হচ্ছে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির মোহাম্মদ সেলিম জানান, স্থানীয় বাসিন্দা বা পরিবারের পক্ষ থেকে পুলিশকে আগে বিষয়টি জানানো হয়নি। গণমাধ্যমের মাধ্যমে খবর পেয়ে ঘটনাটি সম্পর্কে জানতে পেরেছে পুলিশ এবং বিস্তারিত জানার জন্য ঘটনাস্থলে একটি দল পাঠানো হয়েছে।