দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। টানা দ্বিতীয় দিনের মতো মূল্য সমন্বয়ের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। নতুন দর অনুযায়ী ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ২ হাজার টাকার বেশি বেড়ে ২ লাখ ৭০ হাজার ৪৩০ টাকায় পৌঁছেছে।
বুধবার (১১ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এই দাম ঘোষণা করা হয়। জানানো হয়, সকাল ১০টা থেকে সারা দেশে স্বর্ণের নতুন দর কার্যকর হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৮ হাজার ১২৪ টাকা। এছাড়া ১৮ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ২১ হাজার ২৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরি প্রতি ১ লাখ ৮০ হাজার ৬১৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্বর্ণের দাম বাড়ানোর কারণ হিসেবে বাংলাদেশ জুয়েলার্স সমিতি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে।
এদিকে স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেট রুপার ভরি ১৭৫ টাকা বাড়িয়ে ৬ হাজার ৭০৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেট রুপার দাম ভরি প্রতি ৬ হাজার ৪১৫ টাকা, ১৮ ক্যারেট রুপা ৫ হাজার ৪৮২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ৪ হাজার ৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।