বাংলাদেশের জাতীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক তৈরি করেছেন ন্যাশনাল সিটিজেনস পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ। এক ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, ‘জাতির পিতা’ উপাধি ইতিহাস নয়, বরং এটি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত একটি হাতিয়ার।
‘বাংলাদেশের মালিক এ দেশের জনগণ’ শিরোনামের ওই পোস্টে নাহিদ বলেন, স্বাধীনতা অর্জনে শেখ মুজিবুর রহমানের ভূমিকা ও আত্মত্যাগ স্বীকৃত, তবে তার শাসনামলে সংঘটিত জাতীয় সংকটগুলিও স্মরণ করা উচিত। তিনি অভিযোগ করেন, ১৯৭২ সালের সংবিধান জনগণের মতামত ছাড়াই চাপিয়ে দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে ‘বাকশাল’ পদ্ধতির মাধ্যমে একদলীয় শাসন প্রতিষ্ঠা করা হয়।

নাহিদের ভাষ্য অনুযায়ী, আওয়ামী লীগের রাজনৈতিক ধারা দীর্ঘদিন ধরে ‘মুজিব পূজা’ ও ‘মুক্তিযুদ্ধ পূজা’র ওপর নির্ভরশীল, যা দেশের মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করেছে এবং ভিন্নমত দমনে ব্যবহৃত হয়েছে। তিনি দাবি করেন, কয়েক দশক ধরে আওয়ামী লীগ বাংলাদেশকে নিজের পৈতৃক সম্পত্তি মনে করেছে এবং জবাবদিহিতা ছাড়াই ক্ষমতায় থেকেছে।
পোস্টে নাহিদ আরও লেখেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান দেশের ‘জমিদারতন্ত্র’ ভেঙে দিয়েছে। তার মতে, মুজিববাদ একটি আদর্শ যা ফ্যাসিবাদ, বিভাজন, গুম, খুন, মানবাধিকার লঙ্ঘন এবং জাতীয় সম্পদ লুণ্ঠনের সঙ্গে যুক্ত। তিনি বলেন, “আমাদের লক্ষ্য এমন একটি প্রজাতন্ত্র গড়ে তোলা, যেখানে কোনো ব্যক্তি, দল বা পরিবার জনগণের ঊর্ধ্বে থাকবে না।”