রমজান মাসে সাধারণ মানুষের সঙ্গে ইফতার প্রস্তুতি ও বিতরণে অংশ নেওয়ায় সামাজিক মাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী ডেইজি শাহ। মানবিক উদ্যোগ হিসেবে তিনি রাস্তায় নেমে মানুষের জন্য ইফতার তৈরি করতে সাহায্য করলেও বিষয়টি নিয়ে নানা বিতর্ক সৃষ্টি হয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ডেইজি শাহ রাস্তার পাশে দাঁড়িয়ে ইফতারি তৈরিতে সহযোগিতা করছেন। ভিডিওটি প্রকাশের পর একজন ব্যবহারকারী তার আগের একটি ঘটনার প্রসঙ্গ তুলে মন্তব্য করেন। গত বছর দীপাবলিতে আতশবাজি ব্যবহারের বিরোধিতা করেছিলেন ডেইজি। সেই বিষয়টি উল্লেখ করে ওই ব্যবহারকারী বিদ্রূপ করে বলেন, আতশবাজির বিরুদ্ধে অবস্থান নেওয়া ব্যক্তি আবার ইফতার রান্নায় অংশ নিচ্ছেন।
এই মন্তব্যের জবাবে ৪১ বছর বয়সী অভিনেত্রী স্পষ্টভাবে নিজের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, জননিরাপত্তার কারণে আতশবাজির বিরোধিতা করা আর ইফতার প্রস্তুতিতে অংশ নেওয়া সম্পূর্ণ ভিন্ন বিষয়। ধর্মের নামে বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করা ঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি।
ডেইজি শাহ আরও জানান, গত বছর মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় নিয়ন্ত্রণহীন আতশবাজির কারণে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেই ঘটনার পর থেকেই জননিরাপত্তা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করে আসছেন। তাই তার সেই অবস্থানের সঙ্গে বর্তমান ইফতার বিতরণের উদ্যোগকে মিলিয়ে সমালোচনা করা উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করেন তিনি।
উল্লেখ্য, ডেইজি শাহ প্রথমে নৃত্যপরিচালক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে ২০১৪ সালে সালমান খানের বিপরীতে অভিনয়ের মাধ্যমে বলিউডে পরিচিতি লাভ করেন।