চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার পেলাগাজী দীঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দুর্ঘটনার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় আহত অন্তত ১৪ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর বাড়ি ফিরে গেছেন।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সেলিম জানান, বাসটি একটি বৌভাত অনুষ্ঠানের জন্য ভাড়া করে বোয়ালখালী থেকে খাগড়াছড়ির মানিকছড়িতে গিয়েছিল। অনুষ্ঠান শেষে ফেরার পথে দ্রুতগতির একটি মোটরসাইকেলকে পাশ দিতে গিয়ে বাসচালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায় এবং সংঘর্ষে মোটরসাইকেলের আরোহীসহ তিনজন প্রাণ হারান।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে আহতদের হাসপাতালে পাঠান। নিহতদের মরদেহ বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সেগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।