নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে নির্ধারিত সময়ে অধিকাংশ চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীকে অনুপস্থিত পেয়ে অসন্তোষ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি জানিয়েছেন, বিষয়টি নিয়ে স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে মন্ত্রী পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছান। পরে সকাল ৯টার দিকে উপস্থিতির অবস্থা পর্যালোচনা করে দেখা যায়, কর্মরত চিকিৎসকদের বড় একটি অংশ তখনও কর্মস্থলে উপস্থিত হননি।
মন্ত্রী জানান, এই স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ২১ জন চিকিৎসক কর্মরত থাকলেও বিভিন্ন কারণে ছুটিতে থাকা কয়েকজন বাদ দিয়ে অন্তত ১৬ জনের উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু পরিদর্শনের সময় মাত্র ৮ জন চিকিৎসককে পাওয়া গেছে, যা তিনি অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেন।
তিনি বলেন, জনগণের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে সরকারের বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নে চিকিৎসকদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে দায়িত্বে অবহেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও উল্লেখ করেন তিনি।
পরিদর্শনের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আতিকুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল-মামুনসহ স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।