সৌদি আরবের আল-খার্জ গভর্নরেটের একটি আবাসিক কমপাউন্ডে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। নিহতদের একজন বাংলাদেশি এবং অপরজন ভারতীয় নাগরিক বলে জানা গেছে। এ ঘটনায় আরও অন্তত ১২ জন আহত হয়েছেন।
সৌদি আরবের সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে। তবে হামলার বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
এর আগে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছিল, তারা সৌদি আরবের বিভিন্ন স্থানে রাডার স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। এসব স্থানের মধ্যে আল-খার্জও ছিল। ওই এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার পরই হতাহতের খবর পাওয়া যায়।
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার মধ্যে সাম্প্রতিক সময়ে সৌদি আরবেও হামলার ঘটনা ঘটছে। গত মঙ্গলবার দেশটিতে যুক্তরাষ্ট্রের দূতাবাস এবং সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন কনস্যুলেট ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়েছিল।
বিশ্লেষকদের মতে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকেই অঞ্চলজুড়ে উত্তেজনা দ্রুত বাড়ছে। এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, বিশেষ করে যেখানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে, সেখানে পাল্টা হামলা চালিয়ে আসছে। সৌদি আরবও সেই হামলার ঝুঁকির মধ্যে রয়েছে।
সূত্র: আল জাজিরা।