চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় এক কৃষককে মারধরের ঘটনায় মৃত্যুর অভিযোগ উঠেছে। উপজেলার দুর্গাপুর ইউনিয়নের হরিনা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মো. জাকির হোসেন মিয়াজি (৪৫) পাঁচ সন্তানের জনক। কৃষিকাজ করে তিনি পরিবার চালাতেন।
স্থানীয়দের মতে, জাকির মিয়াজির মেয়ে সাকিবা আক্তার (১৫) নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। স্কুলে যাওয়া-আসার পথে কয়েকজন যুবক তাকে নিয়মিত উত্ত্যক্ত করত। বিষয়টি জানার পর জাকির হোসেন বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন।
অভিযোগের জেরে গত ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় নিশ্চিন্তপুর বাজারে জাকির মিয়াজির ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ পরিবারের। হামলায় তিনি গুরুতর আহত হন। প্রথমে তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
টানা ১৩ দিন চিকিৎসাধীন থাকার পর রোববার (৮ মার্চ) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহতের পরিবারের দাবি, মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় পরিকল্পিতভাবে জাকির মিয়াজিকে মারধর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজনরা।
এদিকে নিহতের ছোট ভাই হোসেন মিয়াজি চাঁদপুর আদালতে একটি মামলা দায়ের করেছেন। মতলব উত্তর থানার ওসি মো. কামরুল হাসান জানান, চিকিৎসাধীন অবস্থায় জাকির হোসেনের মৃত্যু হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।