সৌদি আরবের রাজধানী রিয়াদে বর্ণাঢ্য আয়োজনে ‘বাংলাদেশ থিয়েটার’-এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৫ মার্চ, বৃহস্পতিবার স্থানীয় আল মারওয়া কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি মসীঈ সিরাজ। তিনি তাঁর বক্তব্যে অনুষ্ঠানে আগত রাজনৈতিক ব্যক্তিত্ব, গণমাধ্যমকর্মী, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনসহ বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গকে আন্তরিক ধন্যবাদ জানান। সংগঠনের সাধারণ সম্পাদক রোটারিয়ান মো. জাহাঙ্গীর আলম হৃদয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মো. এরশাদ আলী, সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার হাফিজুল ইসলাম পলাশ এবং সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান।
আয়োজন ও অংশগ্রহণ:
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন নাট্য প্রশিক্ষক আজারুল হক মিজান, উপদেষ্টা জামশেদ রানা, শেখ জামাল, নির্বাহী সদস্য আরিফুর রহমান টিটু, মির্জা কামাল, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমেদ, সদস্য মাসুম বিল্লাহ, সোহেল আহমদ ও দেলোয়ার হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। ইফতার মাহফিলে প্রায় তিন শতাধিক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন। ইফতারের পূর্বে পবিত্র রমজানের তাৎপর্য আলোচনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা মো. ফারুক।
কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা:
দোয়া ও ইফতার মাহফিল শেষে রিয়াদ বাংলাদেশ থিয়েটারের পক্ষ থেকে পাঁচজন কৃতি শিক্ষার্থীর হাতে সার্টিফিকেট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।অনুষ্ঠানে একটি আনন্দঘন মুহূর্ত তৈরি হয় যখন সংগঠনের সাধারণ সম্পাদক ও সাংবাদিক জাহাঙ্গীর আলম হৃদয়ের কন্যা সন্তান লাভের খবরটি উদযাপন করা হয়। গত ২ মার্চ তিনি কন্যা সন্তানের বাবা হওয়ায় অতিথিরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সাংস্কৃতিক অঙ্গীকার:
উল্লেখ্য, ২০১৪ সালের ৫ সেপ্টেম্বর থেকে “নাটক হোক সুস্থ সমাজের দর্পণ” স্লোগানকে সামনে রেখে প্রবাসের মাটিতে বাংলাদেশি নাটক ও সুস্থ সাংস্কৃতিক চর্চায় কাজ করে যাচ্ছে রিয়াদ বাংলাদেশ থিয়েটার। আগামীতেও প্রবাসী কমিউনিটির সহযোগিতায় সংগঠনটি সাফল্যের সঙ্গে এগিয়ে যাবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।ইফতার মাহফিলে সহযোগিতার জন্য ফ্রেন্ডডি কোম্পানি, সানসিটি পলিক্লিনিক ও প্রবাসী সেবা কেন্দ্র (ইডিসি) পরিবারকেও সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।