সরকার পাঁচটি দেশ থেকে দায়িত্ব পালন করা কয়েকজন কূটনীতিককে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। রোববার (৮ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া চার রাষ্ট্রদূতকে তাদের দায়িত্ব থেকে ফিরিয়ে আনা হয়েছে। তারা হলেন পর্তুগালে নিযুক্ত এম. মাহফুজুল হক, পোল্যান্ডে মো. ময়িনুল ইসলাম, মেক্সিকোতে এম. মুশফিকুল ফজল (আনসারী) এবং মালদ্বীপে দায়িত্ব পালনকারী মো. নাজমুল ইসলাম।
একই সঙ্গে যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করা আবিদা ইসলামকেও প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহারের পর তাদের সবাইকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সংশ্লিষ্ট রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে দ্রুত পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে নতুন দায়িত্ব গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।