ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘদিন ধরে দেশে নেই। তবে তিনি শারীরিকভাবে অনুপস্থিত থাকলেও তার রাজনৈতিক ধারা এখনো বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় রয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল।
শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন। ‘শেখ হাসিনার রাজনীতি’ শিরোনামের ওই পোস্টে তিনি বলেন, দেশে উপস্থিত না থাকলেও তার রাজনৈতিক পদ্ধতির প্রভাব এখনও বিভিন্ন মহলে দেখা যাচ্ছে। এমনকি তার পতনের আন্দোলনে যুক্ত কিছু মানুষের মধ্যেও সেই রাজনীতির কিছু বৈশিষ্ট্য দেখা যায় বলে তিনি মনে করেন।
ড. আসিফ নজরুলের মতে, শেখ হাসিনার রাজনীতির কয়েকটি প্রধান বৈশিষ্ট্য এখনো সমাজে টিকে আছে।
প্রথমত, তিনি উল্লেখ করেন ‘মালিকানার রাজনীতি’র কথা। তার ভাষ্য অনুযায়ী, মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে এমন একটি ধারণা তৈরি করা হয়েছিল যে, নির্দিষ্ট একটি রাজনৈতিক শক্তিই এই ইতিহাসের একমাত্র ধারক। ফলে সেই পক্ষকে সমর্থন করাকে মুক্তিযুদ্ধের পক্ষে থাকা এবং বিরোধিতা করাকে এর বিপক্ষে অবস্থান হিসেবে তুলে ধরা হতো।
দ্বিতীয়ত, তিনি বলেন ‘তকমা দেওয়ার রাজনীতি’র কথা। তার মতে, রাজনৈতিক প্রতিপক্ষকে বিভিন্ন নেতিবাচক পরিচয়ে চিহ্নিত করা ছিল সেই রাজনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। আগে রাজাকার, মুক্তিযুদ্ধবিরোধী বা পাকিস্তানপন্থী শব্দ ব্যবহার করা হলেও এখন নতুন নতুন শব্দে একই ধরনের তকমা দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে।
তৃতীয়ত, তিনি তুলে ধরেন ‘ভুক্তভোগিতার রাজনীতি’। তার মতে, অতীতে নির্যাতনের শিকার হওয়ার অভিজ্ঞতাকে সামনে এনে পরবর্তীতে কঠোর বা প্রতিশোধমূলক রাজনৈতিক আচরণকে ন্যায্যতা দেওয়ার একটি মানসিকতা তৈরি হয়েছিল।
স্ট্যাটাসের শেষ অংশে ড. আসিফ নজরুল বলেন, শেখ হাসিনার শাসনের অবসান ঘটাতে আন্দোলন হলেও তার রাজনৈতিক কৌশলের কিছু অংশ এখনো দেশের রাজনীতি ও সমাজের ভেতরে রয়ে গেছে বলে মনে হয়।