রাজধানীর পৃথক দুই সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। শুক্রবার রাতে সায়েন্সল্যাব ও তেজগাঁও এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে বাবা-মেয়েও রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গণপূর্ত অধিদফতরের অফিস সহায়ক সাজু আহমেদ সুমন তার একমাত্র মেয়ে তৃষাকে নিয়ে ঈদের কেনাকাটা শেষে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন। রাত প্রায় ৯টার দিকে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে পৌঁছালে একটি বালুবাহী ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সুমনের মৃত্যু হয়। গুরুতর আহত তৃষাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, তেজগাঁওয়ের সাতরাস্তা এলাকায় ইউটার্ন নেওয়ার সময় একটি সিএনজি চালিত অটোরিকশা আইল্যান্ডে ধাক্কা লেগে উল্টে যায়। এতে চালক আলিম ও যাত্রী হারুনর রশিদ সানি গুরুতর আহত হন। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় সানির স্ত্রী ও তার বোন গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।