বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সময় বিভিন্ন দেশের সঙ্গে সম্পাদিত আন্তর্জাতিক চুক্তি নিয়ে জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো ধরনের আলোচনা হয়নি বলে অভিযোগ করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (৬ মার্চ) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, অন্তর্বর্তী সরকারের সময় একাধিক আন্তর্জাতিক চুক্তি সম্পাদিত হলেও সে বিষয়ে তাদের দলকে অবহিত করা হয়নি বা কোনো আলোচনায় ডাকা হয়নি।
তার মতে, সংসদ না থাকায় তখন সরকার নানা জাতীয় ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছিল। একইভাবে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রেও দলগুলোর মতামত নেওয়া উচিত ছিল। কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি বলে তিনি উল্লেখ করেন।
ডা. শফিকুর রহমান আরও বলেন, এ বিষয়ে তাদের দলের অবস্থান পরিষ্কার এবং এতে বিভ্রান্তি সৃষ্টির সুযোগ নেই।
অন্যদিকে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হয়েছিল। সম্প্রতি নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী এবং সাবেক সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান জানান, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিরা নির্বাচনের আগেই দেশের প্রধান দুটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং তাদের সম্মতির কথাও উল্লেখ করা হয়েছে।