ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের আরবিল শহরে খাদ্যে বিষক্রিয়ায় তিন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বাগদাদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক শোকবার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।
দূতাবাস সূত্রে জানা যায়, প্রাথমিক অনুসন্ধানে ধারণা করা হচ্ছে যে খাদ্যে বিষক্রিয়ার কারণেই তাদের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুজন ব্রাহ্মণবাড়িয়া জেলার এবং একজন ফেনী জেলার বাসিন্দা।
মৃত ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার মোহাম্মদ তারেক (পাসপোর্ট নম্বর: EL-0875891) ও মো. সাব্বির এবং ফেনীর মেহেদী হাসান (পাসপোর্ট নম্বর: A18633961)।
ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাগদাদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে তারা জানিয়েছে, বিষয়টি নিয়ে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।
দূতাবাসের শোক প্রকাশ
বাংলাদেশ দূতাবাস নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। পাশাপাশি ঘটনাটির বিস্তারিত তথ্য জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে বলেও জানানো হয়েছে।