পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশে টানা সাত দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আগে নির্ধারিত ছুটির সঙ্গে নতুন করে আরও একটি দিন যোগ হওয়ায় এবার দীর্ঘ ছুটির সুযোগ পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে অতিরিক্ত ছুটির প্রস্তাব উত্থাপন করা হলে মন্ত্রিসভা তা অনুমোদন দেয়।
বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, পূর্বনির্ধারিত ছুটির সঙ্গে ১৮ মার্চ অতিরিক্ত ছুটি যুক্ত হওয়ায় ঈদ উপলক্ষে দীর্ঘ ছুটির সুযোগ তৈরি হয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সম্ভাব্য এ তারিখকে সামনে রেখে জনপ্রশাসন মন্ত্রণালয় আগেই পাঁচ দিনের ছুটির পরিকল্পনা করেছিল।
এর আগে ১৭ মার্চ পবিত্র শবে কদরের জন্য ছুটি নির্ধারিত রয়েছে। এরপর ১৮ মার্চ নতুন করে ছুটি ঘোষণা হওয়ায় ঈদের আগেই টানা চার দিন বন্ধ থাকবে অফিস-আদালত।
অন্যদিকে ঈদের পর ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি নির্ধারিত রয়েছে। ফলে সব মিলিয়ে ঈদকে ঘিরে মোট সাত দিনের দীর্ঘ ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।