নরসিংদীর শিবপুর উপজেলায় অবৈধভাবে মাটি কাটা ও পরিবহনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (৪ মার্চ ২০২৬) দিবাগত রাতে উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামের দৃষ্টিনন্দন পার্কসংলগ্ন খালপাড় এলাকা এবং বাঘাবো ইউনিয়নের নাওহালা টেকে পৃথক অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুর রহিম। এ সময় শিবপুর মডেল থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।
অভিযানকালে অবৈধভাবে পুকুর খননের দায়ে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া অবৈধভাবে মাটি কেটে পরিবহনের প্রস্তুতিকালে দুটি ড্রাম ট্রাক আটক করা হয়। এ ঘটনায় সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী আরও ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধ মাটি কাটা ও পরিবহনের বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।