স্পেনের বাদালোনা শহরে বুধবার সকালে এক গৃহহীন ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া গেছে। চলতি ২০২৬ সালের শুরু থেকে এ নিয়ে শহরটিতে রাস্তায় থাকা তিনজন গৃহহীন ব্যক্তির মৃত্যু হলো।
৫২ বছর বয়সী ওই ব্যক্তির মরদেহ প্লাজা এলিসা রেভের্তের এলাকায় পাওয়া যায়, যেখানে তিনি খোলা আকাশের নিচে বসবাস করতেন। সিটি করপোরেশন জানিয়েছে, সামাজিক সেবার পক্ষ থেকে আশ্রয়ের প্রস্তাব দেওয়া হলেও তিনি একাধিকবার তা প্রত্যাখ্যান করেছিলেন।
এ ঘটনায় মেয়র জাভিয়ের গার্সিয়া আলবিওলের নেতৃত্বাধীন সিটি প্রশাসনের সমালোচনা করেছে কয়েকটি রাজনৈতিক দল। তাদের অভিযোগ, ২০২৪ সাল থেকে বন্ধ থাকা পৌর আশ্রয়কেন্দ্র ও কমিউনিটি খাবার কেন্দ্র এখনো পুনরায় চালু করা হয়নি।
সম্প্রতি পরিত্যক্ত একটি শিক্ষা প্রতিষ্ঠান (বি৯) উচ্ছেদের পর বহু মানুষ কয়েক দিন রাস্তায় অবস্থান করতে বাধ্য হন। এ ঘটনাকে ঘিরেও আশ্রয়কেন্দ্র না থাকার বিষয়টি নতুন করে বিতর্ক সৃষ্টি করে। যদিও উচ্ছেদের অনুমোদন দেওয়া বিচারক জানিয়েছেন, তার নির্দেশে বিকল্প আবাসনের শর্ত ছিল না।
উল্লেখ্য, বি৯ ভবনে একসময় প্রায় ৪০০ মানুষ বসবাস করতেন, যাদের অনেকেই ছিলেন সাব-সাহারান আফ্রিকা থেকে আসা অভিবাসী।