মফস্বল সাংবাদিকদের জীবনসংগ্রাম, সত্য বলার ঝুঁকি এবং বিবেকের দায়বদ্ধতাকে কেন্দ্র করে সাংবাদিক ও লেখক মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম’–এর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন হয়েছে। বুধবার বিকেলে নরসিংদী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে লেখক নিজেই সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন নরসিংদী ইন্ডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা। উদ্বোধন করেন নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক এস এম শরীফ মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী প্রেসিডেন্সি কলেজের চেয়ারম্যান ড. মো. মোয়াজ্জেম হোসেন, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যাপক প্রফেসর এ.বি.এম. আমির হোসেন, নরসিংদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ, নবধারা শিক্ষা পরিবারের চেয়ারম্যান মোতাহার হোসেন অনিক, নরসিংদী সম্পাদক পরিষদের সভাপতি মো. জয়নুল আবেদীন, রায়পুরা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক শামীমা আক্তার শিমু এবং প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মো. ফারুক মিয়া। এছাড়াও বিভিন্ন সাংবাদিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
আলোচনায় বক্তারা বলেন, উপন্যাসটিতে মফস্বল সাংবাদিকদের বাস্তব জীবন, পেশাগত সীমাবদ্ধতা, ভয় ও সাহসের দ্বন্দ্ব ফুটে উঠেছে। এটি শুধু একটি গল্প নয়; বরং সততা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধের প্রতিফলন।
লেখক মোস্তফা খান বলেন, বইটি তিনি উৎসর্গ করেছেন সেইসব মফস্বল সাংবাদিকদের, যারা নানা প্রতিকূলতার মধ্যেও সত্য প্রকাশে অটল থাকেন এবং অন্যায়ের বিরুদ্ধে কলম ধরেন।
বইটি প্রকাশ করেছে ইচ্ছে স্বপ্ন প্রকাশনী। অমর একুশে বইমেলায় স্টল নম্বর ২৩০–এ বইটি পাওয়া যাচ্ছে। পাশাপাশি রকমারি ডটকম, বাতিঘর এবং ইচ্ছে স্বপ্নের ওয়েবসাইটে অনলাইনে প্রি-অর্ডারের সুযোগ রয়েছে।